নিউজ ডেক্স
প্রকাশ: ১৭:৩৭, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৩৮, ৭ আগস্ট ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।
একই সঙ্গে সেখানে দেওয়া তার কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ৫ আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ।
বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলেও জানান জয়সওয়াল।
এ ছাড়া ব্রিফিংয়ে বিদেশি অর্থায়নসংক্রান্ত বিধিনিষেধের ক্ষেত্রে দেশটির সংসদের সার্বভৌমত্ব, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজের নৌ-নিরাপত্তা ব্যবস্থা, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন নিয়ে আলোচনা হয়।
ব্রিফিংয়ের শেষদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী সামরিক পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখা এবং আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারি আরো জোরদার করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।