নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৬, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:০৬, ২১ ডিসেম্বর ২০২৫
দীপু দাস ও শিশু আয়েশা হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল
ময়মনসিংহে ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে মেরে পোড়ানো এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে তার শিশু কন্যা আয়েশাকে পুড়িয়ে হত্যাসহ দেশে চলমান ‘মব সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাষ্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দীপু দাস পুড়ে মরে, প্রশাসন কী করে?’, ‘মব সন্ত্রাসের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম— যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার ধর্ম পালন করবে, মতাদর্শ চর্চা করবে এবং কর্মস্থলে থেকে দেশকে এগিয়ে নেবে— সেই বাংলাদেশ আজও বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব, উস্কানি ও মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।’
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ওসমান হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘আজকের মধ্যেই তার হত্যাকারীরা কারা, কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করতে হবে।’
রাকিবুল ইসলাম বলেন, ‘বিগত দেড় বছরের বেশি সময় ধরে দেশে চলমান মবতন্ত্র ও বিশৃঙ্খলার পেছনে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়া, বট বাহিনী এবং ধর্মের অপব্যবহার করছে। এই অপশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে কোনো নিরপরাধ পোশাক শ্রমিক বা সাত বছরের শিশু আয়েশা আক্তারকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এই বাংলাদেশ আমরা চাইনি। আমরা এই অমানবিক, বিকৃত ও দ্বিচারী মানসিকতার তীব্র ধিক্কার জানাই। ’
তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘এরা মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। এই অপশক্তি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে।’