মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

ছবি: সংগৃহীত

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, ‘আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন।’

আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাময়াতের আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আহ্বান জানান।

ইফতারে দাওয়াত দেওয়ার জন্য জামায়াতের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে তারেক বলেন, এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সকলে এখানে একত্রিত হয়েছি, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, এত ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমেই, এই আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। 

ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, এলডিপির সভাপতি অলি আহমদ,  জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার রাশেদ প্রধান, এনসিপির আখতার হোসেন প্রমুখ যোগ দেন।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন