নিউজ ডেক্স
প্রকাশ: ১৮:২৩, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২৪, ২৩ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান আন্দোলনের প্রভাব এবার মুম্বাইয়েও পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মুম্বাইয়ে জমায়েত ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আগামী ৬ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর ফলে অনুমতি ছাড়া মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে মুম্বাইয়ে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লির আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভ করায় ইতোমধ্যে ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে চলা এ আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে।
আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার সকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। দ্রুত বিচার আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোদি সতর্ক করে বলেন, ‘যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’