নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৯, ১৮ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।