নিউজ ডেক্স
প্রকাশ: ১৭:২৭, ১৬ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ-সংক্রান্ত বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি আগের দিনই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের মৌখিক নির্দেশ দিয়েছেন।
তিনি সংসদে বিষয়টি উত্থাপন করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি শুধু একজন প্রয়াত রাষ্ট্রনায়কের প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং কাতারের জনগণের প্রতিও বাংলাদেশের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী বলেন, কাতার বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। দেশটি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছে এবং বর্তমানেও সেই সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, কাতারে কর্মরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে দেশটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখছে।
মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি ঘিরে সৃষ্ট সংকটের সময় কাতার সরকার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রেখেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সে সময় কাতার বাংলাদেশি নাগরিকদের নিজেদের দেশের মানুষের মতোই সুরক্ষা ও সহায়তা দিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ-কাতার সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে সরকার আশা করছে।