নিউজ ডেক্স
প্রকাশ: ১৯:৫৯, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৫৯, ২৮ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে আধুনিক অনলাইন কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং সফটওয়্যার বাস্তবায়নকারী প্রতিষ্ঠান লিডস কর্পোরেশন লিমিটেডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক শচীন্দ্র নাথ সমাদ্দার, মহাব্যবস্থাপক (হিসাব ও নিরীক্ষা) মো. আলাউদ্দিন, মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আতিকুল ইসলামসহ ব্যাংকের প্রায় ৩০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।
লিডস কর্পোরেশন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, লিডস কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান নাগীর আহমেদ অপূর্ব, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিসুর রহমান খান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) গিয়াস উদ্দিন সিকদার, সফটওয়্যার পরিষেবা বিভাগের জেনারেল ম্যানেজার মীর ফয়জুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন লিডস কর্পোরেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান খান। তিনি কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে লিডসকে অংশীদার হিসেবে নির্বাচিত করায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আইসিটি বিভাগের প্রধান হাসান মাহমুদ এবং লিডস কর্পোরেশন লিমিটেডের সফটওয়্যার পরিষেবা বিভাগের প্রধান মীর ফয়জুল হক প্রকল্পের সার্বিক বাস্তবায়ন পরিকল্পনা, কর্মপরিধি, সময়সূচি, বাস্তবায়নের বিভিন্ন ধাপ এবং উভয় প্রতিষ্ঠানের দায়িত্ব ও সমন্বয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে বর্তমান সময়ে অনলাইন কোর ব্যাংকিং সিস্টেমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী, যার সদস্য সংখ্যা প্রায় ৬১ লাখ। আধুনিক অনলাইন কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নের মাধ্যমে এই বিশাল সদস্যগোষ্ঠীর জন্য উন্নত, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি লিডসের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, লিডস দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে আসছে। এই প্রকল্পও নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সফলভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এই অংশীদারত্ব দেশের ব্যাংকিং খাতের ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, লিডস কর্পোরেশন লিমিটেডের কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের মোট ১৩টি স্বনামধন্য ব্যাংকে সফলভাবে ব্যবহৃত হচ্ছে।