বগুড়া সংবাদদাতা
প্রকাশ: ১৯:১২, ৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৪, ৩ জানুয়ারি ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বগুড়া-৭ আসনে তার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.তৌফিকুর রহমান এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, শনিবার বগুড়া-৬ সদর ও বগুড়া-৭ আসনসহ ৪টি আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই অনুষ্ঠিত হয়। এই ৪টি আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি৷তাই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন : বগুড়া-৬ (সদর) আসনের বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নূরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আব্দুল্লাহ আল ওয়াকী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মোঃ মামুনুর রশিদ; বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলী এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এলডিপির প্রার্থী খান কুদরত-ই সাকলায়েন।