ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটছিলেন নারী, বাসের ধাক্কায় গেল প্রাণ

নিউজ ডেক্স

প্রকাশ: ১৯:৩৯, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৪৭, ৭ আগস্ট ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটছিলেন নারী, বাসের ধাক্কায় গেল প্রাণ

কুমিল্লার চৌদ্দগ্রামে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুজিনা বেগম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন জানান, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সুস্থ থাকতে তিনি প্রতিদিন সকালে হাঁটতেন।

কয়েক দিন আগে তিনি চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সেখানেও প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে আশপাশের সড়কে হাঁটতেন।

শুক্রবার সকালে প্রতিদিনের মতো রুজিনা বেগম তাঁর প্রবাসী ভাই মো. ওয়াসিমকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে পাশের জয়ন্তীনগর গ্রামে নানার বাড়ির দিকে হাঁটতে বের হন। পথে চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, শুক্রবার সকালে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় রুজিনা নামের এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন