টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল অর্ধশত বসতঘর

কক্সবাজার সংবাদদাতা 

প্রকাশ: ০৪:১৭, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৪:১৮, ২৯ ডিসেম্বর ২০২৫

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল অর্ধশত বসতঘর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে অন্তত ৫০টি বসতঘর পুড়ে যায়

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০টি বসতঘর পুড়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। 

পরে রাত ১ টার টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ত্রিপল ও বাঁশে তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।
 
ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন, হঠাৎ করে ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে ৫০ থেকে ৬০টির বেশি ঘর পুড়ে গেছে।

 ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার গণামাধ্যমকে জানান, আলীখালী ও লেদা ক্যাম্পের মধ্যবর্তী অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবাই সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন