সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ০৩:৪১, ২৯ ডিসেম্বর ২০২৫
আব্দুর রহমান রিয়াদ/। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ জেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকায় বাহিরগোলা রোডে ওই ছাত্রের ওপর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান (১৮) ইসলামীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শার্ট-প্যান্ট ও জ্যাকেট পরিহিত ১৫–২০ জন যুবক ধারাল অস্ত্র চাপাতি ও ছুরি হাতে নিয়ে হঠাৎ করে বাজার স্টেশনগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দেয়। পরে অটোরিকশার মধ্যে থাকা যাত্রী আব্দুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা জানায়, নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার মোঃ রেজাউল করীমের ছেলে। এদিকে, ঘটনার পরপরই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক হাতে ধারাল অস্ত্র নিয়ে চৌরাস্তা মোড়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীকে কুপিয়ে জখম করছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ (অপরাধ ও অভিযান) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা ইতোমধ্যে তিনজনকে আটক করেছি। বাকিদেরও খুঁজছে পুলিশ।