নিউজ ডেক্স
প্রকাশ: ১৯:০১, ১৯ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
খুলনায় ৪ সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)।
রবিবার (১৯ জুলাই) বিকেলে কেএমপি কমিশনারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
কেএমপি কমিশনার স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। স্মারকলিপিতে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এ সময় খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদার করার দাবি জানান তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাতে শান্তিধাম মোড়ে একটি চায়ের দোকানে বসে থাকা ৪ সাংবাদিককে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা ২ দুর্বৃত্ত গুলি ছোড়ে।
গুলিতে এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতির টুলে আঘাত লাগে এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরোপ্রধান আওয়াল শেখের বুক ছুঁয়ে গিয়ে তিনি আহত হন। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্মারকলিপিতে আরো বলা হয়, অতীতে খুলনায় একাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হয়েছে। তাই বর্তমান হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন এমইউজের সভাপতি মো. রাশিদুল ইসলাম ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক নেতারা।