বিএনপির নির্বাচনী প্রচারণার সূচনা হবে আলিয়া মাঠ থেকে

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

সিলেট সংবাদদাতা

প্রকাশ: ২১:৩৩, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:৩৯, ২২ জানুয়ারি ২০২৬

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে সূচনা করতে যাচ্ছে বিএনপি। এ উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে সিলেটে পৌঁছান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তারেক রহমান রাতেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।

তারেক রহমান প্রথম দিনেই ছয়টি জেলায় সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান।

এদিকে, দুপুরের পর ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। 

এরপর নরসিংদী পৌর পার্ক-সংলগ্ন সমাবেশে অংশ নেবেন তিনি। ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন