নিউজ ডেক্স
প্রকাশ: ১৮:২০, ১১ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রটি ব্রাজিলের তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।
পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। পিস্তলটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি ব্রাজিলের টরাস (Taurus) কোম্পানির তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল। প্রাথমিকভাবে এটি এ-৩ সিরিজের একটি মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও এ ধরনের পিস্তল ব্যবহার করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, অস্ত্রটি পূর্বে কোনো থানা থেকে লুট হওয়া কি না, কিংবা কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত অস্ত্র কি না, তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত চলছে। ব্যালিস্টিক পরীক্ষা ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।