আরও ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ: ০৩:১২, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৪, ২৪ ডিসেম্বর ২০২৫

আরও ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

দুটি ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রলার দুটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের ও টেকনাফের খাইয়ুকখালীর।

টেকনাফ পৌরসভার খাইয়ুকখালী ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সাজেদ আহমেদ জানান, গভীর সাগরে মাছ ধরে টেকনাফে ফিরছিলেন জেলেরা। বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে আরাকান আর্মির একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু উপকণ্ঠের একটি খালে নিয়ে যায়।

তিনি আরও জানান, জেনেছি একটি ট্রলার শাহপরীর দ্বীপের, আরেকটি আমার ঘাটের। বিষয়টিকে কেন্দ্র করে জেলেপল্লীতে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের ট্রলার মালিক আব্দুল জলিল জানান, মাছ শিকার করে সকালে টেকনাফে ঘাটে ফেরার পথে নাফের মোহনা থেকে মাঝি, সাত জেলেসহ ট্রলারটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে জেলে পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সাগরে যেতে ভয় পাচ্ছে।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক জেলেদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সেন্টমার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসীম উদ্দীন (১৮), হারুন মিয়া (৪০) ও শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)। বাকি সাতজনের পরিচয় এখানো জানা যায়নি। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। তবে, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১০ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জনকে বিভিন্ন সময়ে ফেরত আনা সম্ভব হলেও এখনও প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক আছে।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন