নিউজ ডেক্স
প্রকাশ: ১৭:৩৬, ৯ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
টানা ভারি বৃষ্টির মধ্যে বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়ায় পৃথক পাহাড় ধসের ঘটনায় শিশুসহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে লাগোয়া দুই উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়ায় দুটি পৃথক পাহাড় ধসের ঘটনায় একই এলাকার দুই পরিবারের পাঁচজন নিহত হন। নিহতরা হলেন— জুয়েল (২৮), তার স্ত্রী কুলসুমা বেগম (২২), ইউনুস (২৮), তার স্ত্রী রানু বেগম (২২) এবং তাদের চার বছর বয়সি ছেলে সোলায়মান।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন জানান, প্রথম পাহাড় ধসের ঘটনা রাতের দিকে এবং দ্বিতীয়টি ভোরে ঘটে। দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় লামা ফায়ার সার্ভিসের পরিবর্তে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে নিহতদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, ২০০৯ ও ২০১৬ সালে লামায় ভয়াবহ পাহাড় ধসে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। তবে মিশনপাড়া এলাকায় এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ জানান, প্রথম ধসটি রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ঘটে, যাতে এক পরিবারের দুজন নিহত হন। পরে ভোর ৪টার দিকে আরেকটি পাহাড় ধসে একই পরিবারের তিনজন মাটিচাপা পড়ে মারা যান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বুধবার রাত থেকে বিদ্যুৎ না থাকায় টেলিটক নেটওয়ার্ক বন্ধ রয়েছে, ফলে যোগাযোগে সমস্যা হচ্ছে।
এদিকে লামা-সংলগ্ন কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়া কাটা এলাকায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।