নোয়াখালীতে চর দখল নিয়ে সংঘর্ষে পাঁচজন নিহত

নোয়াখালী সংবাদদাতা

প্রকাশ: ০২:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে চর দখল নিয়ে সংঘর্ষে পাঁচজন নিহত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২৩ ডিস্মেবর) সকালে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড-সংলগ্ন জাগলার চরে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন (৩৫) বলে নিশ্চিত করেছে। তবে, অন্যদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আলাউদ্দিনকে আজ বিকেলে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিনের ছেলে আলাউদ্দিনের বাড়ি উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জাগলার চরে চর দখলকে কেন্দ্র করে আলাউদ্দিন ডাকাত ও কোপা সামছু বাহিনীর সাথে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত আছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের ‘কোপা সামছু বাহিনী’ (সামছুদ্দিন গ্রুপ) জাগলার চরের বেশ কিছু জমি দখল ও বিক্রি করে দেন। এরপর সুখচর ইউনিয়নের ‘আলাউদ্দিন বাহিনী’ জাগলার চরের জমির পুনরায় দখল নিতে মরিয়া হয়ে উঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সর্বশেষ মঙ্গলবার সকালে চরের খাসজমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন হতাহত হন। 

পুলিশ জানিয়েছে, বিকেল পর্যন্ত উভয় পক্ষের দুই বাহিনীর প্রধানসহ পাঁচজন নিহত হওয়ার তথ্য তারা জানতে পেরেছে। তবে স্থানীয় অপর একটি সূত্র নিহতের সংখ্যা ছয় বলে দাবি করেছে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, চর দখল নিয়ে গুলির ঘটনায় আলাউদ্দিন বাহিনীর গুলিতে ৪ জন ও প্রতিপক্ষের গুলিতে আলাউদ্দিন নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে। 

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন