নিউজ ডেক্স
প্রকাশ: ১৮:০৭, ১ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
বাংলাদেশ পুলিশ সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।
বুধবার (১ জুলাই) চট্টগ্রামের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। পরিচিতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতারা জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জেলার প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটিগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা জনবান্ধব, পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের জান-মাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন পুলিশ সুপার।