বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৮, ২০ জুন ২০২৬

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (২০ জুন) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার। সেখানে বিপৎসীমা ধরা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বাড়তে থাকায় ব্যারাজের সবকটি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল তিস্তার পানিপ্রবাহ বাড়িয়ে দিয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে।

পানি আরও বাড়লে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঝুঁকিতে রয়েছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলেও বন্যার পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে পরিস্থিতি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানিয়েছেন, সকাল ৬টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুরের দিকে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি আবারও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন