নিউজ ডেক্স
প্রকাশ: ২০:১২, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ২০:১৪, ২৫ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
ভারত ক্রিকেট দল আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে বহুল আলোচিত এই সফর শেষ পর্যন্ত হলে তার সরাসরি প্রভাব পড়বে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
সিরিজটি পেছানোর সম্ভাবনা জোরালো হয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সংশ্লিষ্টদের নিশ্চিত করেছে যে, ভারতের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি সিরিজ পরিকল্পনামাফিকই হবে। তবে ভারতের বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সিরিজের তারিখ কয়েক দিন পিছিয়ে যেতে পারে।
ভারতের বিপক্ষে সিরিজটি ভারতের মাটিতে হতে চললেও এর আয়োজক আফগানিস্তান।
আগের সূচি অনুযায়ী, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ আয়োজন করতে চায়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হওয়ায় এই সফর হওয়ার সম্ভাবনাও বেড়েছে। ফলে ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত হলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি নতুন করে সাজাতে হতে পারে।
তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খুব বেশি পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ খেলবে ভারত।
তাই বাংলাদেশ সফর অনুমোদন পেলেও আফগানিস্তান সিরিজের সূচি সর্বোচ্চ কয়েক দিন পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।