নারী সহকর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ সেশন আয়োজন করল প্রিমিয়ার ব্যাংক

নিউজ ডেক্স

প্রকাশ: ২১:০২, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ২১:০৩, ২০ জুলাই ২০২৬

নারী সহকর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ সেশন আয়োজন করল প্রিমিয়ার ব্যাংক

ছবি সংগৃহীত

নারী কর্মীদের সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের সক্ষমতা ও অবদানকে আরও গুরুত্ব দিতে প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও অমনকিয়োর-এর যৌথ উদ্যোগে একটি স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের নারী সহকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং মানবসম্পদ বিভাগের প্রধান (ইনচার্জ) ভিপি মো. মইনুল হক সিরাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারের এসভিপি নওরীন নকীব।

স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের প্রতিটি স্তরে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে নারীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা অপরিহার্য। তিনি নারী কর্মীদের সুস্থতা ও পেশাগত বিকাশে প্রিমিয়ার ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সেশনে অমনকিয়োর-এর সহকারী অধ্যাপক ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. রিফাত উজ জোহরা মানসিক সুস্থতা, কর্মক্ষেত্রের চাপ মোকাবিলা, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়া অমনকিয়োর-এর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সাইন ফারিয়া সেতু নারীদের প্রজনন স্বাস্থ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি নারী কর্মীদের বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নেরও উত্তর দেন।

ইন্টারঅ্যাকটিভ এই সেশনে অংশগ্রহণকারী নারী সহকর্মীরা স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও কর্মজীবন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। আয়োজকরা জানান, কর্মীদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন