‘শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে’—তিশার পক্ষে শাহরিয়ার নাজিম জয়

নিউজ ডেক্স

প্রকাশ: ১৮:৪৪, ১৯ জুলাই ২০২৬

‘শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে’—তিশার পক্ষে শাহরিয়ার নাজিম জয়

ছবি সংগৃহীত

জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। এ পরিস্থিতিতে ব্যক্তিগত অভিমান ও অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে তিশার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়ি কেনাবেচাকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সে সময় একটি আইনি নোটিশের মাধ্যমে বিষয়টি আলোচনায় এলেও পরে তা অনেকটাই চাপা পড়ে যায়। সম্প্রতি আদালতের সমন জারির পর পুরোনো সেই বিতর্ক আবারও সামনে এসেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তানজিন তিশার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন শাহরিয়ার নাজিম জয়। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের কিছু শিরোনাম ও জনমনে তৈরি হওয়া নেতিবাচক ধারণারও সমালোচনা করেন।

জয় লিখেছেন, একজন জনপ্রিয় অভিনেত্রীর জন্য এমন পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর। তার মতে, অল্প মূল্যের একটি শাড়িকে কেন্দ্র করে যে ভোগান্তির মুখে তানজিন তিশাকে পড়তে হয়েছে, তা হয়তো একসময় শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের মনে থেকে যাবে একটি নেতিবাচক পরিচয়।

তিনি বলেন, মানুষ হয়তো ভবিষ্যতে তানজিন তিশাকে একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে নয়, বরং ‘শাড়ি প্রতারণার অভিযোগে অভিযুক্ত’ হিসেবেই বেশি মনে রাখবে। অথচ দীর্ঘদিন ধরে তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন।

সংবাদমাধ্যমের শিরোনাম নিয়েও মত দেন জয়। তার ভাষায়, শিল্পীর ভাবমূর্তি রক্ষায় আরও দায়িত্বশীল উপস্থাপনা প্রয়োজন। তিনি মনে করেন, ‘তুচ্ছ একটি ঘটনায় আদালত পর্যন্ত গড়িয়ে নাজেহাল হচ্ছেন তানজিন তিশা’—এ ধরনের শিরোনাম হলে বিষয়টির ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারত। তিনি লেখেন, ‘শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে।’

পোস্টের শেষ অংশে জয় ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, দুই বছর আগে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে শুনেছিলেন, তিনি মঞ্চে উঠলে তানজিন তিশা নাকি মঞ্চে উঠবেন না। পরে আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তিশা তাকে দেখে ‘উনি এখানে কেন?’—এমন মন্তব্য করেছিলেন বলে ঘনিষ্ঠজনদের কাছ থেকে শুনেছিলেন।

জয় বলেন, এসব কথা তাকে কষ্ট দিয়েছিল। তবে সেই অভিমান সত্ত্বেও একজন সহশিল্পীর দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়।

তার ভাষায়, ‘কিন্তু তাই বলে তার এই দুঃসময়ে আমি তার পাশে থাকব না? তা তো হতে পারে না।’

শাহরিয়ার নাজিম জয়ের এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন, আবার কেউ তানজিন তিশার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিচ্ছেন।

Sara

আরও পড়ুন