নিউজ ডেক্স
প্রকাশ: ১৭:১৯, ১৮ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
ভারতের খ্যাতনামা নির্মাতা এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বারাণসী’-তে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষে ছবিটির প্রযোজনা সংস্থা তার নতুন লুকের দুটি এক্সক্লুসিভ স্থিরচিত্র প্রকাশ করে।
প্রকাশিত স্থিরচিত্রে প্রিয়াঙ্কাকে ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা গেছে। চরিত্রটির বিস্তারিত সম্পর্কে এখনও কিছু জানানো না হলেও, ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী এ চলচ্চিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। হাজার বছরের ইতিহাস, রহস্য ও রোমাঞ্চকে কেন্দ্র করে নির্মিত ছবিটির কাহিনি বিস্তৃত হয়েছে অ্যান্টার্কটিকা, আফ্রিকা এবং ভারতের ঐতিহাসিক শহর বারাণসীকে ঘিরে।
বিশ্বব্যাপী আলোচিত ‘আরআরআর’-এর অভূতপূর্ব সাফল্যের পর এটি পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী চলচ্চিত্র। ‘আরআরআর’-এর অস্কারজয়ী গান ‘নাটু নাটু’-র সুরকার এম এম কীরাবানিই ‘বারাণসী’ ছবির সংগীত পরিচালনা করছেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই চলচ্চিত্র।