নিউজ ডেক্স
প্রকাশ: ২০:২৯, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৩০, ২০ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সঙ্গে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে দলিল বিনিময় করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. বেলাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর একেএম রুহুল আমীন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. সরওয়ার হোসেন এবং ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি।
চুক্তির আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা সুবিধা পাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীমা সেবার আওতায় আনতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সচেতন প্রজন্ম গঠনে আমরা অংশীদার হতে পেরেছি। এটি শুধু একটি চুক্তি নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যতের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার।”
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. বেলাল হোসেন বলেন, “ন্যাশনাল লাইফ একটি সুনামধন্য ও সক্ষম প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি, তারা দায়িত্বশীলতার সঙ্গে এই বীমা কার্যক্রম বাস্তবায়ন করবে। শিক্ষার্থীদের কল্যাণে এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের বীমা সুরক্ষা শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে এবং তাদের শিক্ষা জীবনে আরও নিরাপদ ও নিশ্চিন্ত পরিবেশ নিশ্চিত করবে।