নিউজ ডেক্স
প্রকাশ: ১৫:২৯, ১৮ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি)-এর শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা মূল্যায়ন কার্যক্রম চালু হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় জেসিইএসসি-এর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘প্রাইমারি ইংলিশ টেস্ট’ এবং ‘সেকেন্ডারি ইংলিশ টেস্ট’ পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের সুযোগ পাবে।
সিলেটে জেসিইএসসি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ, জেসিইএসসি-এর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেসিইএসসি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে একটি অফিশিয়াল আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন সেন্টার চালুরও ঘোষণা দেয়। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এখন থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে সহজেই আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন।
চুক্তির তাৎপর্য তুলে ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশন্স বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেন, “জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়ন ব্যবস্থার আওতায় আসবে। ছোটবেলা থেকেই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হলে তারা ভবিষ্যতে আত্মবিশ্বাসী বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এই উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখায় জেসিইএসসি-এর নেতৃত্বকে ধন্যবাদ জানাই।”
জেসিইএসসি-এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর রহমান, পিএসসি, পিএইচডি, এইসি বলেন, “আমাদের প্রতিষ্ঠানকে বিশ্বস্ত অংশীদার হিসেবে নির্বাচিত করায় ব্রিটিশ কাউন্সিলের প্রতি আমরা কৃতজ্ঞ। এই উদ্যোগ সফল করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। আমি বিশ্বাস করি, এই অংশীদারিত্ব আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার মান আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অ্যাকাউন্ট রিলেশনশিপ ম্যানেজার আনিকা বুশরা ইংরেজি মূল্যায়ন পরীক্ষার বিভিন্ন দিক নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা করেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অভিভাবক ও শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং পরীক্ষাগুলোর শিক্ষাগত গুরুত্ব ও দীর্ঘমেয়াদি সুফল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে জেসিইএসসি-এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়নের সুযোগ পাওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও বৈশ্বিক পরিসরে নিজেদের প্রস্তুত করার একটি শক্তিশালী ভিত্তি অর্জন করবে। ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল ও জেসিইএসসি-এর এই যৌথ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।