নিউজ ডেক্স
প্রকাশ: ১৯:৩১, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ২০:১৪, ২৮ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি কার্যালয়ের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টায় জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনে পৌঁছানোর পর তিনি আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর গত রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভারের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক পর্ব শুরু হতে যাচ্ছে।