নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৯, ১৯ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সনদকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, যা আলোচনার মাধ্যমেই দূর করতে হবে।
শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলন দেশকে নতুন রাষ্ট্র গঠনের একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায়, ইনসাফ ও গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার এবং বিএনপি তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম হয়েছে। এখন সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে এমন একটি রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর অধিকার আদায়ে সহিংসতার পথে নামতে না হয়।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি এখনো বিদ্যমান উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের মানসিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, গত ১৬ বছরের নানা অনিয়ম ও অপকর্মের প্রভাব এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া সম্ভব।