নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৫, ১৬ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, আন্দোলনে অংশ নেওয়া সবার মধ্যে প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নেই; কেউ কেউ নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ‘ঘোলাপানিতে মাছ শিকারের’ চেষ্টা করছেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করার চেষ্টা করে এমন কিছু মহল সবসময়ই থাকে। তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি বা ব্যর্থ হয়েছেন, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে মন্ত্রী বলেন, এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন। তাই বিষয়টি নিয়ে আর কিছু বলার নেই।
শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিকে সরকার খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছে না। তাঁর ভাষ্য, দেশের দুই-একটি জেলা এবং ঢাকার কয়েকটি স্থানে সীমিতসংখ্যক মানুষকে এ বিষয়ে সক্রিয় দেখা গেছে। গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনভোগান্তির বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল। সেই প্রবণতার কিছুটা ধারাবাহিকতা এখনও দেখা যাচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
আওয়ামী লীগ সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে।
সম্প্রতি আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ‘ডিসইনফরমেশন’। প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে। কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি’।